রাজনীতি
জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব এখন বিএনপির: জাপা নেতা শামীম পাটোয়ারী
জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, গণতন্ত্র রক্ষার স্বার্থে এখন জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব বিএনপির ওপর বর্তায়।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, অনেকেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কথা বলেছেন, যদিও বিষয়টি এখন স্তিমিত। এ জন্য তিনি বিএনপিকে ধন্যবাদ জানিয়ে বলেন— “তারা এখনও সেই ফাঁদে পা দেয়নি।”
তিনি আরও বলেন, “যদি জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে যায় এবং আওয়ামী লীগের প্রতিও একই ধরনের নিষেধাজ্ঞা থাকে, তবে নির্বাচনী অঙ্গনে মূলত তিনটি বড় রাজনৈতিক দলই থাকবে প্রভাব বিস্তারে। সেক্ষেত্রে আসন ভাগাভাগি হতে পারে— বিএনপি ২০০, আর বাকি ৫০-৫০ ভাগে অন্যরা। এ অবস্থায় বিএনপি রাজনৈতিকভাবে পাপেট হয়ে পড়বে। কারণ, অন্যান্য দল তখন বলবে— আমাদের আরও ১০০ আসন না দিলে আমরা নির্বাচনে যাব না। তখন বিএনপি বাধ্য হয়ে পলিটিক্যাল পাপেটের ভূমিকায় নামবে।”
বিএনপির প্রতি ইঙ্গিত করে জাতীয় পার্টির মহাসচিব বলেন, “রাজনীতিতে একটি ‘কুলিং পিরিয়ড’ অত্যন্ত জরুরি। যেমন— জিয়াউর রহমানের সময় ২১ আগস্ট ঘটনার পর দুই বছরের কুলিং পিরিয়ড ছিল। ফলে আওয়ামী লীগ বিএনপির ওপর তৎক্ষণাৎ দমনপীড়ন চালায়নি। আটের ভোটের পর কিছু সময় বিরতির পরেই তা শুরু হয়েছিল। বাংলাদেশে এমন কুলিং পয়েন্টের এখন বড় প্রয়োজন।”