রাজনীতি
আওয়ামী লীগ এলে নির্বাচন গ্রহণযোগ্য হবে: জি এম কাদের
সাম্প্রতিক রাজনৈতিক উত্তাপ ও দল নিয়ে নানা গুঞ্জনের প্রেক্ষিতে অবশেষে মুখ খুললেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গী হিসেবে পরিচিত দলটি নিয়ে নানা জল্পনা চললেও এতদিন ছিলেন নীরব।
তবে এবার তিনি জানালেন, সব দলের অংশগ্রহণেই হতে পারে একটি গ্রহণযোগ্য নির্বাচন এবং সে ক্ষেত্রে আওয়ামী লীগের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।
এক সাক্ষাৎকারে জি এম কাদের বলেন, “আওয়ামী লীগের ভোটারদের কি নাগরিকত্ব বাতিল হয়েছে? তারা কি আর ভোটার তালিকায় থাকবে না? ভোট দেওয়ার অধিকার হারিয়ে ফেলেছে?” তিনি মনে করেন, আওয়ামী লীগের অনেক ভোটার জাতীয় পার্টিকেও ভোট দিতে পারে, এতে কারও উদ্বেগের কিছু নেই।
তিনি আরও বলেন, “যদি বিএনপি ভালো সুযোগ-সুবিধা দিতে পারে, আর প্রতিশ্রুতি দেয় যে নির্বাচনে জিতলে প্রতিশোধ নেবে না, তাহলে তারাও ভোট পেতে পারে। তবে জামায়াত কোনোভাবেই মানুষের আস্থা অর্জন করতে পারবে না।”
নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে জি এম কাদের বলেন, “সব রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন হলেই সেটি স্বীকৃতি পাবে। শুধু একটি পক্ষ বা পক্ষপাতদুষ্ট নির্বাচনে জনগণের আস্থা থাকে না। জামায়াতকে নিষিদ্ধ করার সময়ও আমরা আপত্তি জানিয়েছিলাম, কারণ এটি দেশের রাজনীতিতে স্থিতিশীলতা আনে না।”
ড. ইউনূসের প্রসঙ্গে এসে তিনি দাবি করেন, “বিএনপিকে দুর্বল করে জামায়াতকে সামনে আনার চেষ্টার আড়ালে রয়েছে একটি নতুন ধরনের সরকার গঠনের নকশা। আমরা মনে করি, নির্বাচন অন্তর্বর্তী নয়, নতুন সরকারের অধীনেই হওয়া উচিত।”
সম্প্রতি দল থেকে কিছু নেতা বিদ্রোহ করলেও, জি এম কাদের বলছেন, এতে জাতীয় পার্টি আরও সুসংগঠিত হয়েছে এবং আগের চেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে।