রাজনীতি
জাতীয় পার্টির রওশনপন্থি মহাসচিব কাজী মামুনুর রশীদ গ্রেপ্তার
জাতীয় পার্টির (জাপা) রওশনপন্থি অংশের মহাসচিব কাজী মামুনুর রশীদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার রাতে রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার সকালে ডিবির যুগ্ম কমিশনার (প্রশাসন) মোহাম্মদ নাসিরুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামুনুর রশীদকে ডিবি কার্যালয় থেকে আদালতে নেওয়া হবে।”
এর আগে গত বছরের ৪ নভেম্বর ধর্ষণ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে তিনি আদালতের মাধ্যমে জামিনে মুক্তি পান। তবে তার বিরুদ্ধে একাধিক মামলা এখনো চলমান রয়েছে। এর মধ্যে গত জুলাই মাসে হওয়া আন্দোলনের সময় হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের হওয়া কয়েকটি মামলাও অন্তর্ভুক্ত।
কাজী মামুনুর রশীদকে গ্রেপ্তারের ঘটনায় জাতীয় পার্টির অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সূত্রপাত হয়েছে। বিশেষ করে রওশনপন্থি অংশের নেতৃত্বে যে সংকট তৈরি হতে পারে, তা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে।