রাজনীতি

সংস্কার হচ্ছে উছিলা, ‘হ্যাঁ’ ভোটে ক্ষমতায় থাকতে চায় তারা: জি এম কাদের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:৫৭ পিএম

সংস্কার হচ্ছে উছিলা, ‘হ্যাঁ’ ভোটে ক্ষমতায় থাকতে চায় তারা: জি এম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ছবি: সংগৃহীত

রংপুর-৩ (সদর) আসনে জাতীয় পার্টির প্রার্থী ও দলটির চেয়ারম্যান জি এম কাদের অভিযোগ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে মূলত ক্ষমতা দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে। তার দাবি, গণভোটের মাধ্যমে ‘হ্যাঁ’ ভোট আদায় করে ক্ষমতায় থাকার পথ তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে এনসিপি ও জামায়াতে ইসলামী সরকারের সহযোগী হিসেবে ভূমিকা রাখছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা থেকে রংপুরে পৌঁছে নগরীর সেনপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন জি এম কাদের। রংপুর-৩ আসনে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে তিনি নিজ এলাকায় আসেন।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে কোনো জবাবদিহির মধ্যে নেই। নির্বাচনের পর গঠিত সংসদ ও নির্বাচিত প্রতিনিধিদের হাতে প্রকৃত ক্ষমতা না দেওয়ার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষায়, পর্দার আড়ালে সব সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলে জাপা চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার, এনসিপি ও জামায়াত কার্যত একত্র হয়ে একটি সরকারি দলে পরিণত হয়েছে। এ অবস্থায় জাতীয় পার্টি সমান সুযোগ পাচ্ছে না। তার অভিযোগ, সরকারের পৃষ্ঠপোষকতায় এনসিপি গঠিত হয়েছে এবং জামায়াতও নানাভাবে তাদের সঙ্গে যুক্ত রয়েছে।

জি এম কাদের আরও বলেন, এই পরিস্থিতিতে তাদের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব, সহিংসতা ও প্রাণহানির ঘটনায় নির্বাচন নিয়ে মানুষের আস্থা নষ্ট হচ্ছে। বড় একটি দল নির্বাচন থেকে বাদ পড়লেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

মতবিনিময় সভায় জাতীয় পার্টির রংপুর জেলা কমিটির আহ্বায়ক আজমল হোসেনসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দলীয় সূত্র জানায়, শুক্রবার থেকে জি এম কাদের নিজ নির্বাচনি এলাকায় গণসংযোগ শুরু করবেন।