রাজনীতি

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ সমাবেশ আজ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০৯:৩২ এএম

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ সমাবেশ আজ
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে আজ শুক্রবার (১৮ জুলাই) রাজধানীতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তিন দফা দাবিতে আয়োজিত এই কর্মসূচিটি বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার রাতে ঢাকার বাংলামটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের প্রধান সমন্বয়কারী নিজাম উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তরের যুগ্ম সমন্বয়কারী মোস্তাক আহমেদ শিশির, দক্ষিণের যুগ্ম সমন্বয়কারী এস এম শাহরিয়ার এবং উত্তরের দপ্তর সমন্বয়কারী এম এম শোয়াইব।

তাদের তিন দফা দাবিগুলো হলো-

১. গোপালগঞ্জে দায়িত্বরত গোয়েন্দা সংস্থার সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া।

২. ভিডিও ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা।

৩. অন্য জেলাগুলোতে এনসিপির পদযাত্রায় নিরাপত্তা আরও জোরদার করা।