রাজনীতি
বেতন-ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে: হাসনাত আবদুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টার সমালোচনা করে বলেছেন, "বেতন-ভাতা ফেরত দিয়ে তাকে পদত্যাগ করতে হবে।"
বুধবার (২৩ জুলাই) চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় এনসিপির পদযাত্রা উপলক্ষে এক সমাবেশে তিনি বলেন, "স্বাস্থ্য উপদেষ্টা হলেন ড. মুহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ। তিনি গ্রামীণ ব্যাংকে ছিলেন, শুধু এ কারণেই এখন পদ পেয়েছেন। অথচ স্বাস্থ্যব্যবস্থা, চিকিৎসা কিছুই বোঝেন না।"
তিনি বলেন, "স্বাস্থ্য উপদেষ্টা নিজের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। অথচ দেশের স্বাস্থ্যব্যবস্থা নিজেই বোঝেন না। তিনি যে বেতন-ভাতা ও সরকারি গাড়ি ব্যবহার করছেন, তা জনগণের সঙ্গে বেইমানি। এসব অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়ে তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।"
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, "বাংলাদেশে এখন আকাশ থেকে বিমান পড়ে, ভবন ভেঙে পড়ে— আমরা এ বাংলাদেশ চাই না। শেখ হাসিনার আমলে কেনা যুদ্ধবিমানই আজ দুর্ঘটনার কারণ। হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে এসব কেনাকাটায়। তাই এসব দুর্নীতির তদন্ত হওয়া জরুরি।"
তিনি আওয়ামী লীগকে উদ্দেশ করে বলেন, "ফ্যাসিবাদী শক্তি যদি শহীদদের লাশের ওপর দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা করে, তাহলে আমরা শোককে শক্তিতে রূপান্তর করে তা প্রতিহত করবো।"
সমাবেশের শুরুতে মাইলস্টোন দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এনসিপি নেতা সারজিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারীসহ অন্য নেতারা। কান্নায় ভেঙে পড়েন অনেক স্বজন।
পরে নিহতদের স্মরণে সার্কিট হাউজ থেকে একটি শোক র্যালি বের করে সমাবেশস্থলে আসেন নেতাকর্মীরা।