রাজনীতি

গোপনে হোটেল পরিবর্তন, এনসিপি নেতাদের ঘিরে রাজনৈতিক গুঞ্জন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ০৯:০৪ এএম

গোপনে হোটেল পরিবর্তন, এনসিপি নেতাদের ঘিরে রাজনৈতিক গুঞ্জন
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতার আকস্মিক কক্সবাজার সফর ও হোটেল পরিবর্তন নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা ও গুঞ্জন।

বুধবার (৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে হোটেল সি-পার্ল থেকে একটি সাদা ভিআইপি গাড়িতে চড়ে বের হন তারা। কলাতলীর শালিক রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজ শেষে বিকাল ৩টার দিকে শহরের বিলাসবহুল হোটেল ‘প্রাসাদ প্যারাডাইসে’ গোপনে ওঠেন। আকস্মিক এই হোটেল পরিবর্তন স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থার নজর এড়ায়নি।

নেতারা হলেন- সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, ডা. তাসমিন জারা, নাসীরুদ্দিন পাটোয়ারী এবং খালেদ সাইফুল্লাহ।

তাদের আগমনের পর থেকেই শুরু হয় নানা রকম জল্পনা। এমনকি শোনা যায়, তারা নাকি যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে একটি গোপন বৈঠকে বসেছেন। যদিও হোটেল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র এই তথ্য অস্বীকার করেছে।

এর মধ্যেই দলের গুরুত্বপূর্ণ দিন গণঅভ্যুত্থান দিবসে কোনো নোটিশ ছাড়াই কক্সবাজারে যাওয়ায় পাঁচ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এনসিপি। দলের দপ্তর বিভাগ থেকে যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের কাছে সরাসরি হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

সারজিস-হাসনাতদের এই রহস্যময় সফর এবং আচরণ নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে গুঞ্জনের পারদ ক্রমেই চড়া হচ্ছে।