রাজনীতি

হাসনাত আবদুল্লাহর জন্য উপহার পাঠালেন রুমিন ফারহানা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০২:২০ পিএম

হাসনাত আবদুল্লাহর জন্য উপহার পাঠালেন রুমিন ফারহানা
হাসনাত আবদুল্লাহ ও রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত

বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর মধ্যে সাম্প্রতিক রাজনৈতিক শীতলতা কেটে আসছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

শনিবার (৩০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে ‘নতুন সংবিধান’ নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে নিজেই এ তথ্য প্রকাশ করেন হাসনাত।

তিনি বলেন, “আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল। তবে ব্যারিস্টার রুমিন ফারহানা লোক পাঠিয়ে খোঁজ নিয়েছেন এবং আমার জন্য উপহারও পাঠিয়েছেন। এটি একটি ইতিবাচক বার্তা, আমরা অবশ্যই স্বাগত জানাই।”

এর আগে নির্বাচন কমিশন ভবনে ঘটে যাওয়া এক ঘটনার জেরে হাসনাত আবদুল্লাহ এবং রুমিন ফারহানার মধ্যে তীব্র মন্তব্য-প্রতিমন্তব্যে রাজনৈতিক অঙ্গন সরগরম হয়ে ওঠে। বিষয়টি পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন টকশোতেও ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ব্রাহ্মণবাড়িয়ার বৈঠকে নির্বাচন ও সংস্কারের প্রসঙ্গেও বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, “শুধু নির্বাচন নয়, সংস্কার এবং বিচারও জরুরি। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

নুরুল হক নুরের ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “এই ঘটনা আমাদের জন্য একটি বড় বার্তা। আমরা অতীতেও দেখেছি, তারেক রহমানকে মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল। ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার এখনই সময়।”

বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন। সভাপতিত্ব করেন বিজয়নগর উপজেলা সমন্বয়কারী আমিনুল ইসলাম চৌধুরী।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ। এছাড়াও বক্তব্য দেন দলের যুগ্ম সদস্যসচিব এস. এম. সাইফ মোস্তাফিজ, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, কেন্দ্রীয় সংগঠক রাকিব হাসানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।