রাজনীতি

জাতীয় পার্টির রিফাইন্ড আওয়ামী লীগের আইডিয়া ভারতের দেওয়া: সারজিস


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৪ পিএম

জাতীয় পার্টির রিফাইন্ড আওয়ামী লীগের আইডিয়া ভারতের দেওয়া: সারজিস
সারজিস আলম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ গঠনের ধারণা ভারতের দেওয়া এবং এটি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে একটি বিকল্প আওয়ামী লীগ প্রতিষ্ঠার চক্রান্ত চলছে। তিনি বলেন, এই পরিকল্পনা অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে সফল হবে না।

শনিবার (৬ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলা পার্কে কুলি শ্রমিক ইউনিয়নের সদস্যদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, "শুনলাম, আওয়ামী লীগের কিছু তথাকথিত ভালো নেতাকে জাতীয় পার্টির ব্যানারে নির্বাচন করার সুযোগ দেওয়া হচ্ছে। আসলে সবচেয়ে বড় সত্য হলো- চোরে চোরে মাসতুতো ভাই। জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের বি-টিম, আর তাদের কো-চেয়ারম্যানের মুখে ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ ধারণা ভারতের সৃষ্টি। এই চক্রান্ত আমরা বাস্তবায়ন হতে দেব না।”

তিনি আরও বলেন, “২০০৯ সালের বিডিআর হত্যা, ২০১৩ সালের শাপলা চত্বরের হত্যাকাণ্ড, এবং ২০২৪ সালের অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর চালানো নিপীড়ন, এসবের সঙ্গে যারা যুক্ত, তারা কখনোই রাজনীতিতে থাকার অধিকার রাখে না। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি একে অপরের সহযোগী চক্র। চুরি ছাড়া আওয়ামী লীগের কেউ নেতা হয়নি, আর যারা ছিল, তারা আজ জাতীয় পার্টির ব্যানারে ফিরে আসার চেষ্টা করছে।”

সারজিস দাবি করেন, “যেভাবে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, ঠিক একইভাবে তাদের দোসর জাতীয় পার্টিরও কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই দল দুটি বাংলাদেশের রাজনীতিতে আর থাকার সুযোগ পায় না।”

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেন, “আপনাদের নমনীয়তা মানুষের আস্থা হারাচ্ছে। আপনাদের কাজ হচ্ছে অপরাধীদের বিচারের মুখোমুখি দাঁড় করানো, বিবৃতির ঘেরাটোপে আটকে থাকা নয়।”

সভায় তিনি অভিযোগ করেন, “পঞ্চগড়ে ছাত্রদল স্কুল কমিটি গঠন করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অপরাজনীতি, মাদক, ও চাঁদাবাজি চালু করার ষড়যন্ত্র করছে। সরকারকে এসব বিষয়ে সজাগ হতে হবে।”

সভায় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, “জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে আসার ষড়যন্ত্র করছে। যারা তাদের সহযোগিতা করছে তারা গৃহযুদ্ধ ও নির্বাচন বানচালের অপচেষ্টা করছে। এখন বিএনপিকেও প্রমাণ করতে হবে তারা জাতীয় পার্টিকে চায় কি না।”

তিনি বলেন, “গত তিনটি নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীরা প্রত্যেকে দুর্নীতিবাজ ও অবৈধ সম্পদের মালিক। সরকারের উচিত তাদের সম্পদ ক্রোক করে বিচার করা। এখন সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ নেই।”

সরোয়ার তুষার আরও অভিযোগ করেন, “২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে শেখ হাসিনা। ওই টাকার গরমেই এখন নানা অস্থিরতা তৈরি করা হচ্ছে। এই টাকা দেশের প্রতিটি গ্রামে ভাগ করে দিলে প্রতিটি গ্রাম পেতো ১০০ কোটি টাকা।”

তিনি বলেন, “ঢাকায় ছাত্রলীগ-যুবলীগ ক্যাডাররা প্রকাশ্যে ঘুরছে, নানা অপকর্মের প্রস্তুতি নিচ্ছে। সরকার ও গোয়েন্দা সংস্থা কী করছে? যদি সুষ্ঠু নির্বাচন চান, তাহলে আওয়ামী লীগের ক্যাডারদের গ্রেপ্তার করুন, জাতীয় পার্টির বিরুদ্ধে কঠোর অবস্থান নিন এবং ভিপি নুরকে চিকিৎসার জন্য বিদেশে পাঠান।”

মতবিনিময় সভায় শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা সবসময় আপনাদের পাশে থাকব।”

সভায় পঞ্চগড় জেলা কুলি শ্রমিক ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও এনসিপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।