রাজনীতি

মোদী বিরোধী আন্দোলনের মামলায় অব্যাহতি পেলেন আখতার হোসেন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৬ পিএম

মোদী বিরোধী আন্দোলনের মামলায় অব্যাহতি পেলেন আখতার হোসেন
ছবি: সংগৃহীত

ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর মামলায় অব্যাহতি পেয়েছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) ঢাকার ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল–১৫ এর বিচারক চার্জ গঠনের শুনানি শেষে এ রায় ঘোষণা করেন। আদালত বলেন, মামলার ম্যারিট বিবেচনায় বিশেষ ক্ষমতা আইনের কোনো উপাদান পাওয়া যায়নি। এ কারণে তাদের অব্যাহতি দেওয়া হলো।

২০২১ সালের ১৩ এপ্রিল পবিত্র রমজান উপলক্ষে অসুস্থ শরীর নিয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন আখতার হোসেন। ওই সময় আইনশৃঙ্খলা বাহিনী তাকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে গ্রেফতার করে।

পরে শাহবাগ থানার মামলা নং ২৫(০৩)২০২১ এ তাকে গ্রেফতার দেখানো হয়। এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে দায়ের করা শাহবাগ থানার মামলা নং ২৭(০৩)২০২১–এও তাকে আসামি করা হয়। ওই মামলায় বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় তার বিরুদ্ধে অভিযোগ এনে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. মুজাহিদুল ইসলাম এর নেতৃত্বে প্রায় পাঁচ বছর ধরে চলা আইনি লড়াইয়ের পর অবশেষে আদালত বৃহস্পতিবার রায় ঘোষণা করে আখতার হোসেন ও আকরাম হোসেনকে অব্যাহতি দেন।

শুনানিতে আসামি পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. মুজাহিদুল ইসলাম, অ্যাডভোকেট মো. আবদুল্লাহ আল ফারুকসহ আরও অনেকে। রাষ্ট্রপক্ষে অংশ নেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও অন্যান্য সরকারি কৌঁসুলিরা।

আদালতের এ রায়ের মাধ্যমে দীর্ঘ পাঁচ বছরের মামলার জট থেকে মুক্তি পেলেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন ও এনসিপি নেতা আকরাম হোসেন।