রাজনীতি
নিউইয়র্কে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করলেন এনসিপি নেতা আখতার হোসেন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, সেদিন সকাল ১১টার দিকে (বাংলাদেশ সময়) নিউইয়র্কের এয়ারপোর্টের পাশের পোর্ট অথোরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় মামলা দায়ের করেন তিনি। মামলায় দুইজনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ১৫ থেকে ২০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
ভিডিও বার্তায় আখতার হোসেন অভিযোগ করেন, ওই দিনের হামলার পরও এয়ারপোর্টের লবি এবং অন্যান্য স্থানে হামলাকারীরা নানাভাবে তাদের হেনস্থা করার চেষ্টা চালায়। তিনি আরও বলেন, “আমরা ইউএস পুলিশকে অবহিত করেছি যে এ ঘটনায় জড়িতরা বাংলাদেশে নিষিদ্ধ একটি সংগঠনের সঙ্গে যুক্ত, যারা গত বছর দেশে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে। এ বিষয়ে আমরা জাতিসংঘের রিপোর্ট সম্পর্কেও পুলিশকে জানিয়েছি।”
তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, “আমরা বিশ্বাস করি— দেশে হোক কিংবা বিদেশে, আওয়ামী সন্ত্রাসীদের অপরাধের আইনগত প্রতিকার আমরা নিশ্চিত করব। তারা যে অপরাধ করেছে, তার বিচার আইনের মাধ্যমে সম্ভব হবে। আওয়ামী লীগ তার সন্ত্রাসী কার্যক্রম নিয়ে বাংলাদেশে আর ফিরে আসতে পারবে না।”
এর আগে গত সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্ক থেকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, “শেখ হাসিনার গুলি-বুলেটকে আমি ভয় পাই না, ভাঙা ডিম দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না।”
পারিবারিক ও রাজনৈতিক দায়িত্ব শেষ করে চলতি মাসের ৩০ সেপ্টেম্বর আখতার হোসেনের বাংলাদেশে ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। তবে কিছুটা দেরিতে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপি সদস্যসচিব আখতার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে ঘিরে স্লোগান দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং বিএনপির কয়েকজন কর্মী তাদের নিরাপদে বের করে দেওয়ার চেষ্টা করেন।
এক পর্যায়ে আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন। পরে দেশটির পুলিশের সহযোগিতায় তারা নিরাপদে গাড়িযোগে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন।