রাজনীতি

খাগড়াছড়ির ঘটনায় নীরবতার অভিযোগ এনে এনসিপি থেকে অলিক মৃ’র পদত্যাগ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৯ পিএম

খাগড়াছড়ির ঘটনায় নীরবতার অভিযোগ এনে এনসিপি থেকে অলিক মৃ’র পদত্যাগ
অলিক মৃ। ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে বিক্ষোভ, সহিংসতা ও গুলিবর্ষণের ঘটনায় তিনজন নিহত হওয়ার পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নীরবতাকে কটাক্ষ করে পদত্যাগ করেছেন দলের উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক অলিক মৃ। তিনি ফেসবুকে এক দীর্ঘ পোস্টের মাধ্যমে এনসিপি থেকে নিজের পদত্যাগের ঘোষণা দেন।

অলিক মৃ গারো সম্প্রদায়ের তরুণ ও এনসিপির কেন্দ্রীয় কমিটিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর একমাত্র প্রতিনিধি ছিলেন। সোমবার দুপুর সোয়া ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন— “খাগড়াছড়িতে আদিবাসী কিশোরী ধর্ষণ, আদিবাসীদের ওপর হামলা, বসতবাড়িতে অগ্নিসংযোগ এবং তিনজন আদিবাসীকে হত্যার ঘটনায় এনসিপির নীরবতা এবং ধর্ষণ প্রসঙ্গে এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের মিথ্যাচারের প্রতিবাদে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) পদ থেকে পদত্যাগ করে দলের ই-মেইল ও দপ্তরে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি। এনসিপির জন্য শুভ কামনা। ইনকিলাব জিন্দাবাদ।”

পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরও জানান, এনসিপি নেতা হান্নান মাসউদ খাগড়াছড়ির ধর্ষণ ও সহিংসতার ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে মিথ্যা বক্তব্য দিয়েছেন, যা ভুক্তভোগী সম্প্রদায়ের প্রতি অবিচার এবং দায়সারা মনোভাব প্রকাশ করে। তিনি বলেন, “একটি দলের পক্ষ থেকে ন্যায়বিচারের বদলে মিথ্যাচার করা ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতি গভীর অবমাননা।”

প্রসঙ্গত, খাগড়াছড়ির পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জের ধরে বিক্ষোভ, সহিংসতা ও গুলির ঘটনায় তিনজন নিহত হন এবং বহু ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়।