রাজনীতি
আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি
জুলাই সনদে আইনি ভিত্তি ও সুনির্দিষ্ট বাস্তবায়ন আদেশ ছাড়া স্বাক্ষর করতে রাজি নয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সাফ জানিয়েছেন, সনদে স্বাক্ষরের আগে আদেশের খসড়া দেখে তাতে রাজনৈতিক ঐক্যমত হওয়া জরুরি। তা না হলে চলমান স্বাক্ষর অনুষ্ঠানেও তারা অংশ নেবে না।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীতে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “আমরা আইনিভিত্তি ছাড়া এবং আদেশের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া যদি সনদে স্বাক্ষর করি, সেটা মূল্যহীন হয়ে যাবে। পরবর্তী সরকার এলে কী ভিত্তিতে এই সনদ কার্যকর থাকবে, সেটি আমাদের স্পষ্টভাবে জানতে হবে।”
তিনি বলেন, “জুলাই সনদের বাস্তবায়ন আদেশটি আগে প্রকাশ করতে হবে। আদেশটি হবে জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রতিফলন। সেই আদেশ প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জারি করতে হবে এবং তার খসড়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত গঠন করতে হবে। এরপরই আমরা সনদে স্বাক্ষর করার বিষয়টি বিবেচনায় আনব।”
ড. ইউনূসের প্রসঙ্গ টেনে এনসিপি আহ্বায়ক বলেন, “যেহেতু তিনি (ড. ইউনূস) জুলাই গণঅভ্যুত্থানের শক্তিতে সরকার গঠন করেছেন, সে জায়গা থেকে আদেশটি প্রেসিডেন্ট নয়, বরং সরকারের পক্ষ থেকেই জারি করতে হবে।”
তিনি আরও জানান, সনদ অনুযায়ী ৮৪টি সংস্কার একসঙ্গে গণভোটে তোলা হবে। সেই ভোটে ‘নোট অব ডিসেন্ট’-এর কোনো পৃথক কার্যকারিতা থাকবে না। ভোটের প্রশ্নপত্র আগেভাগেই চূড়ান্ত করতে হবে এবং তা রাজনৈতিক দলগুলোকে দেখাতে হবে।
গণভোটের ফলাফলের ভিত্তিতে পরবর্তী সংসদকে সংবিধান সংস্কারের ক্ষমতা দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। তবে এনসিপির দৃষ্টিতে এখনো পুরো প্রক্রিয়াটি যথেষ্ট স্পষ্ট নয়।
নাহিদ ইসলাম বলেন, “আমাদের এখনো পরিষ্কার নয়—এটা কি কেবল একটি সাধারণ সিদ্ধান্ত, নাকি এর সাংবিধানিক সংশোধনী প্রয়োজন হবে? এসব বিষয় নির্ধারণ না করে আমরা জুলাই সনদে স্বাক্ষর করতে পারি না।”
তিনি দলীয় অবস্থান জানিয়ে বলেন, “আইনগত নিশ্চয়তা, রাজনৈতিক ঐকমত্য এবং জনগণের অভিপ্রায়—এই তিনটি নিশ্চিত না হলে এনসিপি জুলাই সনদের অংশীদার হবে না।”