রাজনীতি
পিআর আন্দোলন ছিল জামায়াতের রাজনৈতিক প্রতারণা: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামীর তথাকথিত ‘আনুপাতিক প্রতিনিধিত্ব’ বা পিআর ভিত্তিক আন্দোলন ছিল একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা।
রোববার (১৯ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ইংরেজি ভাষার একটি পোস্টে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলামের দাবি, এই ‘আন্দোলন’ ছিল বাস্তব সংস্কার প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটি অপচেষ্টা। তিনি বলেন, “জামায়াত ইচ্ছাকৃতভাবে পিআর ইস্যুকে সামনে এনে জাতীয় সংলাপকে বিভ্রান্ত করেছে এবং ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে ভ্রান্ত পথে পরিচালিত করেছে।”
তিনি উল্লেখ করেন, ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি উচ্চকক্ষ গঠনের দাবি ছিল একটি বাস্তব ও প্রগতিশীল সাংবিধানিক সংস্কারের অংশ। এনসিপি সেই সংস্কারের পক্ষে গণআন্দোলন গড়ে তোলার চেষ্টায় ছিল। কিন্তু, জামায়াত ও তার মিত্ররা সেই এজেন্ডাকে ‘ছিনতাই’ করে নিজেদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে ব্যবহারের কৌশল নেয়।
নাহিদের ভাষায়, “জামায়াত কখনোই কোনো বাস্তব বা গঠনমূলক সাংবিধানিক প্রস্তাব দেয়নি- না জুলাই অভ্যুত্থানের আগে, না পরে। তারা কোনোদিন গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেয়নি।”
তিনি অভিযোগ করেন, ঐকমত্য কমিশনে জামায়াতের হঠাৎ ‘সংস্কারের পক্ষে’ অবস্থান নেওয়া আদর্শগত কোনো অবস্থান নয়, বরং এটি ছিল একটি রাজনৈতিক অনুপ্রবেশ, যা সংস্কারের ছদ্মবেশে নাশকতা চালানোর কৌশলমাত্র।
নাহিদ ইসলাম আরও বলেন, আজ বাংলাদেশের জনগণ এই প্রতারণা বুঝে ফেলেছে। জনগণ এখন জেগে উঠেছে, এবং আর কখনো কোনো ছদ্ম-সংস্কারবাদী, সুবিধাবাদী কিংবা নৈতিকভাবে দেউলিয়া শক্তিকে রাষ্ট্রক্ষমতার কাছাকাছি আসতে দেবে না।