রাজনীতি

শাপলা প্রতীকের আইনি ব্যাখ্যা না দিলে অন্য প্রতীক নয়: নাহিদ ইসলাম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০৮:২৯ এএম

শাপলা প্রতীকের আইনি ব্যাখ্যা না দিলে অন্য প্রতীক নয়: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন শাপলা প্রতীক পাবে না, তার আইনি ও সাংবিধানিক ব্যাখ্যা চেয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, শাপলা প্রতীক থেকে বঞ্চিত করার বিষয়ে নির্বাচন কমিশন স্পষ্ট আইনি ব্যাখ্যা না দিলে এনসিপি অন্য কোনো প্রতীক গ্রহণ করবে না।

বুধবার (২২ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে নাহিদ ইসলাম এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচন কমিশনের সাম্প্রতিক আচরণ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এনসিপির নিবন্ধন প্রাপ্তি থেকে শুরু করে জাতীয় লীগ নামে আরেকটি দলকে নিবন্ধন দেওয়া, এবং শাপলা প্রতীক ইস্যুতে নির্বাচন কমিশনের আচরণ—সবকিছুই আমরা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেছি। এছাড়া ইশরাক হোসেনের মামলায় নির্বাচন কমিশনের অবস্থান, আগের আইনে কমিশনের নিয়োগ প্রক্রিয়া এবং সামগ্রিক কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তুলেছি।”

নাহিদ ইসলাম আরও বলেন, “একটি রাজনৈতিক দলের প্রতীক ছাড়া নির্বাচনে অংশগ্রহণ সম্ভব নয়। কিন্তু আমাদের ‘শাপলা’ প্রতীক কেন দেওয়া হচ্ছে না, তার যুক্তিসঙ্গত ব্যাখ্যা আমরা এখনো পাইনি। আমরা স্পষ্ট করে জানিয়েছি—শাপলা প্রতীক থেকে আমাদের বঞ্চিত করার আইনি ও সাংবিধানিক ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত অন্য কোনো প্রতীকের বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত নেব না। নির্বাচন কমিশন যদি এ ব্যাখ্যা না দেয়, তাহলে এটি শুধু প্রতীকের বিষয় নয়; বরং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তৈরি করবে।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এনসিপির প্রতীক সংকটকে ঘিরে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, তা আসন্ন নির্বাচনে দলের অংশগ্রহণ এবং কমিশনের নিরপেক্ষতা-দুই দিকেই বড় প্রভাব ফেলতে পারে।