রাজনীতি

আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন: নাসীরুদ্দীন পাটওয়ারী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০৭:৫৮ পিএম

আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন: নাসীরুদ্দীন পাটওয়ারী
নাসীরুদ্দীন পাটওয়ারী (ইনসটে উপদেষ্টা আসিফ নজরুল)। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেছেন, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এই সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “প্রধান উপদেষ্টা হওয়ার আকাঙ্ক্ষা ছিল আসিফ নজরুলের। এখন বিষয়টি তার কোর্টে গিয়েছে, দেখা যাক তিনি কেমন খেলতে পারেন।”

তিনি আরও বলেন, “জাতীয় ঐক্যমত কমিশনের রিপোর্ট জমা দেওয়া ছিল জুলাই মাসে। এটি শহীদ ও জনগণের জন্য বড় অর্জন। যদিও জুলাই সনদে স্বাক্ষর না করার কারণে ঝুঁকির আশঙ্কা ছিল, তবুও এনসিপি রিস্ক নিয়ে অবস্থান নিয়েছে। কমিশনের রিপোর্টের মাধ্যমে এর সুফল পেয়েছে দেশের মানুষ।”

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বাহাত্তরের পচা সংবিধান দিয়ে এই দেশ আর চলতে পারে না। সেই সংবিধান আমাদের ভাইদের হত্যাকে বৈধতা দিয়েছে।”

তিনি আরও বলেন, “রক্তের ট্যাঙ্কার দিয়ে কেউ রাজনীতি করতে চাইলে, মানুষ বুলেট রেভুলেশনের পর ব্যালট রেভুলেশনের মাধ্যমে জবাব দেবে। কেউ যদি দলীয় দাস হয়ে সংস্কার রুখতে চায়, তাহলে তারা সেফ এক্সিট পাবেন না, মানুষ তাদের বিচার করবে।”

এনসিপির সরকার গঠনের আশা প্রকাশ করে তিনি বলেন, “আমরা পেছনের দরজা দিয়ে কোনো ক্যান্টমেন্ট বা অ্যাম্বাসিতে যাব না। তাই মানুষ এনসিপিকে ভোট দেবে।”

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও মন্তব্য করেন, “ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যথার্থভাবে নির্বাচন কমিশন গঠন করেছে। তবে বিএনপি-জামায়াত বিরোধী নাটক করছে। তারা একদল ভারতে, আরেকদল পাকিস্তানে পা রেখেছে।”