রাজনীতি

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয়: নাহিদ ইসলাম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১০:০৩ পিএম

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয়: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রংপুর নগরীর পর্যটন মেট্রোরেল হলরুমে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনোভাবেই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—‘শাপলা’ প্রতীক শেষ পর্যন্ত এনসিপিকেই দেওয়া হবে। এটি এখন ঐকমত্য কমিশনের বিষয়, এবং গণভোটের মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “তত্ত্বাবধায়ক সরকার আনার সুযোগ আপাতত নেই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে নিতে হবে। সরকারের কিছু বিষয়ে সমালোচনা এসেছে, আমরাও গঠনমূলকভাবে সে বিষয়ে মতামত জানিয়েছি।”

এ সময় তিনি জানান, এনসিপি বর্তমানে সারাদেশে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করছে। দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে বিভিন্ন অঞ্চলে সদস্য সংগ্রহ ও মতবিনিময় কর্মসূচি চলছে।

নাহিদ ইসলাম বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে অংশগ্রহণ করবে। আপাতত কোনো রাজনৈতিক জোটে যাওয়ার পরিকল্পনা নেই। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, স্বতন্ত্রভাবেই আমরা নির্বাচনী লড়াইয়ে মাঠে নামব।”

তিনি আশা প্রকাশ করেন, “গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় এনসিপি আগামীতেও জনগণের পাশে থাকবে এবং দেশের পুনর্গঠনে সক্রিয় ভূমিকা রাখবে।”