রাজনীতি

নৌকা ডুবে গেছে, শাপলা ভাসবে: সরোয়ার তুষার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১০:১৩ এএম

নৌকা ডুবে গেছে, শাপলা ভাসবে: সরোয়ার তুষার
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে তাদের দল শাপলা প্রতীক নিয়ে অংশগ্রহণ করবে।

তিনি বলেন, “শাপলা কলি নির্বাচন কমিশনের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, তাই শাপলা ফুলও অন্তর্ভুক্ত করা সম্ভব। কলি কিছুদিন পানিতে ভিজলেই ফুল ফুটবে-শাপলা হবে নৌকার বিকল্প। নৌকা ডুবে গেছে, শাপলা ভাসবে।”

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হলে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর ও শরিয়তপুর জেলার শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনের প্রতি ক্ষোভ প্রকাশ করে সরোয়ার তুষার বলেন, “আপনারা অনেক জল ঘোলা করেছেন। একবার না বলার পর এখন দেবেন না, এমন ইগোতে আটকে থাকবেন না। নির্বাচন কমিশন এখন বিশেষ একটি দলের প্রভাবাধীন, তাই আগামী নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়েও জনগণের সন্দেহ আছে।”

সভায় সভাপতিত্ব করেন এনসিপির ফরিদপুর প্রধান সমন্বয়ক সৈয়দা নীলিমা দোলা। এ সময় উপস্থিত ছিলেন দলটির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, ফরিদপুর বিভাগীয় সংগঠক রাসেল আহম্মেদ প্রমুখ।

বিএনপিকে উদ্দেশ্য করে সরোয়ার তুষার বলেন, “বিএনপি এখন ‘না ভোট’ প্রচারণা চালাচ্ছে। তাদের ৩০ শতাংশ ভোট না ভোটে গেলেও বাকি বিপুল ভোটে জুলাই সনদ পাশ হবে। তখন তারা জনগণের সামনে মুখ দেখাতে পারবে না। তাদের নেতা জিয়াউর রহমানই একসময় হ্যাঁ-না ভোটের ব্যবস্থা করেছিলেন, অথচ আজ সেই ভোটেরই বিরোধিতা করছে বিএনপি।”

তিনি আরও বলেন, “দেশে আওয়ামী লীগের পরে সবচেয়ে বেশি ক্ষতি করেছে জাতীয় পার্টি। এরশাদ এখন কবরে, জাতীয় পার্টিও সেই পথেই যাবে। ভারতের স্বার্থে আওয়ামী লীগ প্রতিষ্ঠার যে চেষ্টা জাতীয় পার্টি করছে, জনগণ তা কোনোভাবেই মেনে নেবে না।”

সরোয়ার তুষার দাবি করেন, এনসিপি-ই আগামী রাজনীতিতে নতুন বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে, “শাপলা ভাসবে-এই প্রতীকই হবে পরিবর্তনের প্রতীক।”