রাজনীতি

গণঅভ্যুত্থানের অংশীদারদের সংসদে থাকা উচিত: নাহিদ ইসলাম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০৪:৩৯ পিএম

গণঅভ্যুত্থানের অংশীদারদের সংসদে থাকা উচিত: নাহিদ ইসলাম
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅভ্যুত্থানের অংশীদারদের সংসদে প্রতিনিধিত্ব থাকা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে বাংলা একাডেমিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন সংগঠন ‘ইউনিভার্সিটি টিচার্স ফোরাম’-এর সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র ও শিক্ষকদের মধ্যে যে মেলবন্ধন সৃষ্টি হয়েছে, এনসিপি সেটি ধরে রাখতে চায়। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করেই আমরা নির্বাচনের দিকে এগোতে চাই।”

তিনি আরও জানান, নোট অব ডিসেন্ট ছাড়াই ড. মুহাম্মদ ইউনূসকে জুলাই সনদের আদেশ জারির সুযোগ দেওয়া উচিত। “ড. ইউনূস যদি জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করেন, তবে এনসিপি নির্বাচনে অংশ নেবে,” বলেন তিনি।

শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, “অভ্যুত্থানের পর শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজানোর সুযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার তা কাজে লাগাতে পারেনি। দেশের বেকারত্ব দূর করতে হলে শিক্ষাকে পুনর্গঠন করতেই হবে।”

তিনি অভিযোগ করেন, দেশে এখনো ফ্যাসিবাদী কাঠামো রয়ে গেছে। “ব্যক্তি ও সমাজের চিন্তার পরিবর্তন না আনলে ফ্যাসিবাদ দূর করা সম্ভব নয়,” যোগ করেন এনসিপি আহ্বায়ক।

তরুণদের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময় অর্থনৈতিক সঙ্কটের সবচেয়ে বড় ভুক্তভোগী ছিল তরুণ সমাজ। “সব রাজনৈতিক দল বেকারত্ব দূরের প্রতিশ্রুতি দেয়, কিন্তু বাস্তবে কীভাবে তা করবে—সে বিষয়ে কেউ কিছু বলে না। এনসিপি নির্বাচনী ইশতেহারে এ বিষয়ে স্পষ্ট পরিকল্পনা তুলে ধরবে,” বলেন নাহিদ ইসলাম।