রাজনীতি

রাতে যুবশক্তির ৪১ সদস্যের কমিটি, সকালে ২৩ জনের পদত্যাগ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৮:০২ পিএম

রাতে যুবশক্তির ৪১ সদস্যের কমিটি, সকালে ২৩ জনের পদত্যাগ
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তি নোয়াখালী জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা হওয়ার পরপরই বড়সড় পদত্যাগের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতের দিকে সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজে ৪১ সদস্যের কমিটির অনুমোদন প্রকাশিত হয়, তবে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই একে একে ২৩ জন নেতা পদত্যাগের ঘোষণা দেন।

সূত্র জানায়, কমিটি ঘোষণার পর প্রথমেই পদত্যাগ করেন ইয়াছিন আরাফাত।

তার পর পরই যুগ্ম সদস্যসচিব–১ ব্যতীত অন্য সব যুগ্ম সদস্যসচিব, সিনিয়র যুগ্ম সদস্যসচিবসহ একাধিক পদধারী নেতাকর্মী একযোগে পদত্যাগ করেন।

পদত্যাগকারী ইয়াছিন আরাফাত বলেন, ‘আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছিলাম, আজ আমরাই বৈষম্যের শিকার হলাম। কেন্দ্রীয় নেতারা পছন্দের মানুষ দিয়ে কমিটি করেছে তাই পদত্যাগের হিড়িক পড়েছে। সব মিলিয়ে এ কমিটি আর চলার মতো অবস্থায় নেই।’

তিনি বলেন, ‘৪১ সদস্যের কমিটি থেকে ২৩ জন পদত্যাগ করেছেন। এর মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম সদস্যসচিব, সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক, শহীদ পরিবারের সদস্য, জুলাই আহত যোদ্ধা থেকে শুরু করে অনেকে রয়েছেন। আমরা সংবাদ সম্মেলন করে এ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করব।’