রাজনীতি
ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) নেতারা। রোববার রাজধানীর একটি হোটেলে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের অন্যান্য সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার সকালে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী। ড্রুকএয়ারের একটি বিশেষ বিমানে সকাল ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সফরকালে বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হয়—একটি স্বাস্থ্য খাতে সহযোগিতা এবং অন্যটি আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ ও টেলিযোগাযোগ সেবা বাণিজ্য বিষয়ে। স্বাস্থ্য বিভাগ থেকে সমঝোতায় সই করেন সচিব মো. সাইদুর রহমান এবং টেলিযোগাযোগ বিষয়ে সই করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান।
সমঝোতা সইয়ের আগে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে শেরিং তোবগে ও ড. ইউনূসের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। পরে উভয় পক্ষের প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।