রাজনীতি
নির্বাচনের আগে এনসিপির নতুন জোটের ঘোষণা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শিগগিরই একটি নতুন রাজনৈতিক জোট গঠন করতে যাচ্ছে বলে জানিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী। সোমবার (২৪ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, “শিগগিরই দেশে একটি নতুন রাজনৈতিক অ্যালায়েন্সের জন্ম হবে। ধর্মীয় ফ্যাসিবাদ ও চাঁদাবাজদের বিরুদ্ধে এই জোট ৩০০ আসনে প্রার্থী দাঁড় করাবে। দেশের মানুষ কিছুদিনের মধ্যে বিএনপি-জামায়াতের বাইরে একটি নতুন জোটের খবর জানতে পারবেন। যারা কাজ করবে জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে।”
তিনি আরও বলেন, “এই নতুন জোট সংস্কারের পক্ষে, নারীদের পক্ষে, আলেম-ওলামাদের পক্ষে, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে সক্রিয়ভাবে কাজ করবে।”
এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, “জাতীয় পার্টিকে ব্যবহার করে ভারত ও আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে। তাদের অর্থনৈতিক শক্তি দেশের নির্বাচনকে বাধাগ্রস্ত ও অস্থিতিশীল করতে ব্যবহার করা হচ্ছে।”
এনসিপি নেতারা জুলাইয়ের অভ্যুত্থানের পর প্রশাসনকে রাজনৈতিক দলগুলোকে মুক্তভাবে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান।
এর আগে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে দুই দিনব্যাপী মতবিনিময় অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনেও এই প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপ ও নতুন জোটের ঘোষণা দেওয়া হয়।