রাজনীতি
জাতীয় ঐক্য অটুট থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: তারেক রহমান
জাতীয় ঐক্য বজায় থাকলে কোনো ষড়যন্ত্র সফল হতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস উপলক্ষে বুধবার (২৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, ৫ আগস্ট শিক্ষার্থী ও জনতার যৌথ গণআন্দোলনের মাধ্যমে দেশ ‘নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছে’, কিন্তু এরপরও দেশবিরোধী দেশি-বিদেশি চক্রের অপচেষ্টা অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে জাতীয় ঐক্যই যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করার শক্তি বলে তিনি মনে করেন।
১৯৯০ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় তৎকালীন সরকারের ছত্রচ্ছায়ায় থাকা সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক ও আন্দোলনের অগ্রপথিক ডা. শামসুল আলম খান মিলন। তার আত্মত্যাগ স্বৈরাচারবিরোধী আন্দোলনকে তীব্র গণবিক্ষোভে রূপ দেয় এবং স্বৈরশাসনের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মিলনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, তার বলিদান গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নতুন অধ্যায় রচনা করেছিল। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মিলন আজীবন অটল ছিলেন, তার আত্মদান এখনো আন্দোলনের প্রেরণা হয়ে আছে।
তারেক রহমান আরও বলেন, মিলনের রক্ত যেন স্বৈরাচারের বিরুদ্ধে চূড়ান্ত বিজয়ের পথকে সুগম করেছিল। তার আত্মত্যাগের ধারাবাহিকতায় স্বৈরতন্ত্র বিদায় নেয় এবং দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়।