রাজনীতি

বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল করবে এনসিপি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:৩০ পিএম

বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল করবে এনসিপি
ছবি: সংগৃহীত

শরীফ ওসমান বিন হাদির হত্যার পর শাহবাগে পরিকল্পিত অবস্থান কর্মসূচি স্থগিত করেছে জাতীয় গণতান্ত্রিক দল এনসিপি। এর পরিবর্তে শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল আয়োজন করা হবে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার দুপুরে ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন। তিনি লেখেন, “আজ জুমার নামাজের পর যেকোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। গতকালের মতো ভাঙচুর ও নাশকতা করার পরিকল্পনা রয়েছে জুলাইবিরোধী শক্তিগুলোর। আমরা যেকোনো প্রকার সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে। জনগণের ক্ষোভকে ব্যবহার করে কেউ যেন কোথাও ভাঙচুর, অগ্নিসংযোগ বা অন্য কোনো নাশকাত্মক কার্যক্রম করতে না পারে, তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাচ্ছি।”

নাহিদ ইসলাম আরও জানান, “সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকায় জুমার পরে আমাদের শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে। এর পরিবর্তে বিকেল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল আয়োজন করা হবে। সবাইকে অংশগ্রহণের জন্য অনুরোধ করছি।”