রাজনীতি
২২ ঘণ্টায় ৩৭ লাখ টাকা নির্বাচনী অনুদান পেলেন তাসনিম জারা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে প্রার্থী হওয়া এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার আর্থিক সহায়তার আহ্বানে মিলেছে ব্যাপক সাড়া। ফেসবুকে ভিডিওবার্তার মাধ্যমে নির্বাচনী তহবিল সংগ্রহ শুরু করার মাত্র ২২ ঘণ্টার মধ্যেই তিনি ৩৭ লাখ টাকা সহযোগিতা পেয়েছেন বলে জানিয়েছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তাসনিম জারা জানান, স্বল্প সময়ের মধ্যে এত বিপুল পরিমাণ সহযোগিতা পাওয়ায় তিনি অভিভূত। ফান্ডরেইজিংয়ের লক্ষ্যমাত্রা পূরণের খুব কাছাকাছি পৌঁছে গেছেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি জানান, তার নির্বাচনী এলাকা ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা)। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী এই আসনে একজন প্রার্থী সর্বোচ্চ ৪৬ লাখ ৯৩ হাজার টাকা ব্যয় করতে পারবেন। এই নির্ধারিত সীমার মধ্যেই তহবিল সংগ্রহ তার লক্ষ্য। আর মাত্র ৯ লাখ টাকা সংগ্রহ হলেই আনুষ্ঠানিকভাবে ফান্ডরেইজিং ক্যাম্পেইন বন্ধ করা হবে বলে জানান তিনি।
একটি জরুরি আপডেটে তাসনিম জারা জানান, বিকাশ অ্যাকাউন্টের লেনদেন সীমা শেষ হয়ে যাওয়ায় যারা বিকাশে অনুদান দিতে পারছেন না, তারা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সহায়তা পাঠাতে পারবেন।
ফান্ডরেইজিংয়ের স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, নগদ অর্থ গ্রহণ না করে শুধুমাত্র বিকাশ ও ব্যাংকিং মাধ্যমে অনুদান নেওয়া হচ্ছে, যাতে প্রতিটি লেনদেনের নির্ভরযোগ্য রেকর্ড থাকে। সংগৃহীত অর্থ, ব্যয়ের খাত ও সংশ্লিষ্ট ডকুমেন্ট নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে তিনি জানিয়েছিলেন, ফান্ডরেইজিং শুরুর ১৪ ঘণ্টায় ২৩ লাখ ৬৮ হাজার টাকা এবং সাত ঘণ্টায় ১২ লাখ টাকার বেশি অনুদান সংগ্রহ করা সম্ভব হয়েছে।