রাজনীতি
এনসিপিতে যোগ দিচ্ছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (২৯ ডিসেম্বর) বিষয়টি দলটির একাধিক নেতা নিশ্চিত করেছেন। এনসিপির তরফ থেকে সন্ধ্যা ৬টায় বাংলামোটর এনসিপি কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
দলটির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন। সভার শেষে আসিফ মাহমুদও আনুষ্ঠানিকভাবে এনসিপির সদস্যপদ গ্রহণ করবেন বলে জানা গেছে।
এর আগে, গত সোমবার (২২ ডিসেম্বর) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসিফ মাহমুদ ঢাকা ১০ আসনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। মনোনয়ন ফর্ম গ্রহণের সময় তিনি সতর্ক করেছেন, নির্বাচনী প্রচারণায় ঝুঁকি রয়েছে।
তিনি বলেন, স্বাভাবিকভাবে প্রচারণা চালানো সম্ভব হচ্ছে না। পাশাপাশি শরিফ ওসমান হাদির হত্যার আসামিদের এখনও পর্যন্ত গ্রেপ্তার না করার বিষয়টিকে সরকারের ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন। বিশেষ করে জুলাই আন্দোলনের নেতা-কর্মীরা নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছেন। তিনি সরকারের উদ্দেশে বলেন, প্রার্থি ও আন্দোলনের নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে যাতে ওসমান হাদির মতো ঘটনা আর কেউ অভিজ্ঞতা না করে।
প্রসঙ্গত, আসিফ মাহমুদ আগেও ঘোষণা দিয়েছিলেন, স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেবেন। যদিও বিভিন্ন দলের সঙ্গে যুক্ত হওয়ার খবর গুজবের পর্যায়ে থাকলেও, শেষ পর্যন্ত নিজে ঘোষণা দেন যে তিনি কোনো দলের হয়ে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন। কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি আজ আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান করছেন।