রাজনীতি
এনসিপিতে যোগ দিয়ে মুখপাত্র হলেন আসিফ মাহমুদ, করবেন না নির্বাচন
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন না।
দলটির নতুন পদক্ষেপ অনুযায়ী, আসিফ মাহমুদকে এনসিপির মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি দায়িত্ব পালন করবেন দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে।
সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় আসিফ মাহমুদ নাহিদের পাশে উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, আজ অনলাইনে এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী আসিফ মাহমুদকে দলীয় মুখপাত্র নিযুক্ত করা হয়েছে। তিনি নির্বাচনে অংশ নেবেন না। বরং এনসিপির মনোনীত প্রার্থীদের নির্বাচনে বিজয়ী করতে কার্যক্রমে সম্পূর্ণভাবে নিয়োজিত থাকবেন।
নাহিদ ইসলাম আরও জানান, নির্বাচনী প্রক্রিয়ায় দল ইতোমধ্যেই সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে এবং আসিফ মাহমুদ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দলের সংগঠন ও কৌশল নির্ধারণে নেতৃত্ব দেবেন।