রাজনীতি

নাসিরুদ্দিন পাটোয়ারীর সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ মনোনয়ন প্রত্যাহার করা জামায়াত প্রার্থীর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০৯:৪৫ এএম

নাসিরুদ্দিন পাটোয়ারীর সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ মনোনয়ন প্রত্যাহার করা জামায়াত প্রার্থীর
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে ঢাকা–৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচন করছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।

তিনি এনসিপির প্রতীক ‘শাপলা কলি’ নিয়ে ভোটের মাঠে নামছেন। একই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ড. হেলাল উদ্দীন। তবে জোটগত সিদ্ধান্তের পর তিনি মনোনয়ন প্রত্যাহার করেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ড. হেলাল উদ্দীনের সঙ্গে সাক্ষাতের একাধিক ছবি পোস্ট করেন নাসিরুদ্দিন পাটোয়ারী। ছবিতে দুজনকেই হাসিমুখে দেখা যায়।

পোস্টে নাসিরুদ্দিন পাটোয়ারী লেখেন, গত এক বছরে ঢাকা–৮ আসনে দাঁড়ি-পাল্লার প্রার্থী হিসেবে ড. হেলাল উদ্দীনের পরিশ্রম ও নিষ্ঠা সত্যিই অনুকরণীয়। ব্যক্তিগত ব্যস্ততা ও পারিবারিক সংকটের মধ্যেও তিনি সংগঠনের প্রশ্নে দিনরাত কাজ করে গেছেন। বর্তমানে তার বাবা হাসপাতালে ভর্তি থাকা সত্ত্বেও তিনি সময় বের করে রাতের বেলায় তাদের সঙ্গে বৈঠকে বসেন।

নাসিরুদ্দিন পাটোয়ারী আরও লেখেন, ড. হেলাল উদ্দীন তার জীবনের ত্যাগ ও সংগ্রামের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং হাসিনার আমলে গুলিবিদ্ধ এক সংগ্রামী নেতার অদম্য লড়াইয়ের গল্প শোনান।

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, জোটের প্রার্থী হিসেবে ড. হেলাল উদ্দীন তাকে সাদরে গ্রহণ করেছেন। ইনশাআল্লাহ, আগামী দিনে মাঠে–রাজপথে, অলি–গলিতে ঐক্যবদ্ধ কর্মযাত্রা অব্যাহত থাকবে। তাদের ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমেই ঢাকা–৮ আসন জোটের বিজয়ী আসন হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদীর ইনসাফভিত্তিক রাজত্ব কায়েমের শপথ নিয়েই তারা এগিয়ে চলছেন।