রাজনীতি

আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত আব্দুল্লাহ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০২:৩৭ পিএম

আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত আব্দুল্লাহ
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “আল্লাহকে সাক্ষী রেখে বলছি, গত ১৪ মাসে আমি এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি। সারা বাংলাদেশের মানুষকে সাক্ষী রেখে বলতে পারি-একজনও এসে প্রমাণ করতে পারবে না যে আমি কারো পকেট থেকে এক কাপ চায়ের টাকাও আত্মসাৎ করেছি।”

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার পৌরসভার মিলনায়তনে দেবিদ্বার উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “যারা অতীতে ভোটকেন্দ্র দখল করেছে, ভবিষ্যতেও কেন্দ্র দখল করতে চায় বা এতে সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে-আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, তাদের কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। সংস্কার ও ইনসাফভিত্তিক সমাজ গড়তে হলে জোটের নেতৃত্বে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে নির্বাচিত হয়ে আমরা সরকার গঠন করব।”

তিনি আরও বলেন, “আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার ওপর অবিচার করা হবে না, ততক্ষণ আমি নীতিগতভাবে দৃঢ় থাকব। আপনি আমার বিরুদ্ধে ভোট দিতে পারেন, আমি আপনার ভোটাধিকার নিশ্চিত করব। কিন্তু কেউ যদি মানুষের ভোটাধিকার হরণ করতে আসে, কেন্দ্র দখল করতে আসে-তাদের কোনো ছাড় দেওয়া হবে না। প্রশাসন, পুলিশ, ক্যাডার কিংবা অর্থ ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করলে আমরা তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেব।”

নির্বাচনকে কেন্দ্র করে দুর্নীতির আশঙ্কার কথা তুলে ধরে তিনি বলেন, “যারা ভাবছেন নির্বাচন শুধু ঋণ খেলাপির টাকা পরিশোধের একটি উপলক্ষ, যারা দেবিদ্বারের উন্নয়নের টাকা লুট করে ব্যাংকঋণ শোধ করতে চায়-তাদের হুঁশিয়ার করে দিতে চাই। এই জনতাকে সঙ্গে নিয়ে ভোটচোরদের বিরুদ্ধে আমরা শক্ত প্রতিরোধ গড়ে তুলব। আমাদের লক্ষ্য একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা।”

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, “বেগম খালেদা জিয়া দল-মত নির্বিশেষে সবার প্রিয় একজন নেত্রী ছিলেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাকে দীর্ঘদিন কারাবন্দি রেখে তিলে তিলে নিঃশেষ করার চেষ্টা করেছে। তবুও তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। শেখ হাসিনা তাকে নিয়ে বিদ্রুপ ও তামাশা করলেও তিনি কখনো তার জবাব দেননি। তার রাজনৈতিক জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা ভবিষ্যতের বাংলাদেশে এই রাজনীতির ধারা অব্যাহত রাখব।”