রাজনীতি

বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে ১০ দলীয় জোট: নাহিদ ইসলাম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০১:৪১ পিএম

বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে ১০ দলীয় জোট: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

বিপুল ভোটে জয়ী হয়ে ১০ দলীয় জোট সরকার গঠন করবে বলে দাবি করেছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একটি ঐতিহাসিক পরিবর্তনের সূচনা করবে।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন নেতার মাজারে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিন নেতার মাজারে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করার তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, “এই জনপদের ইতিহাস, ঐতিহ্য ও আন্দোলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই বাংলার পূর্বপুরুষদের স্মরণ করে এখান থেকেই আমাদের নির্বাচনী যাত্রা শুরু করেছি।”

এবারের নির্বাচনী যাত্রাকে আধিপত্যবাদবিরোধী ‘আজাদীর যাত্রা’ হিসেবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, “এই আন্দোলনের প্রধান এজেন্ডা হলো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা।” তিনি নির্বাচনের আগেই হাদি হত্যা মামলার অভিযোগপত্র দাখিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এ সময় সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকার কঠোর সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, “সরকার এবং নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট দলের পক্ষে বিশেষ অবস্থান নিয়েছে, যা নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশের জন্য উদ্বেগজনক।”

নাহিদ ইসলাম আরও বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থনের মাধ্যমেই ১০ দলীয় জোট বিজয়ী হয়ে দেশ পরিচালনার দায়িত্ব নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।