রাজনীতি
ইইউ পর্যবেক্ষক দলের কাছে অভিযোগের পাহাড়, যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী পর্যবেক্ষক দলের কাছে একাধিক অভিযোগ তুলে ধরেছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন, তার প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে সরকারি কর্মকর্তাদের নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা হচ্ছে।
সোমবার ইইউ পর্যবেক্ষক দলের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে এসব অভিযোগ তুলে ধরেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
সাক্ষাৎকালে পর্যবেক্ষক দলের পক্ষ থেকে তরুণ প্রার্থী হিসেবে তিনি কোনো ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন কি না—এমন প্রশ্ন করা হলে পাটওয়ারী জানান, সম্প্রতি নির্বাচনী প্রচারণার সময় তাদের লক্ষ্য করে ময়লা ও ডিম নিক্ষেপ করা হয়েছে।
কারা এই ঘটনার সঙ্গে জড়িত-এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
এ সময় তিনি আরও জানান, শহীদ শরীফ ওসমান হাদিও তার নির্বাচনী প্রচারণার সময় একই ধরনের ঘটনার শিকার হয়েছেন।
নির্বাচন কমিশন নিয়ে পর্যবেক্ষক দলের এক প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশনের প্রতি তাদের আস্থা নেই। তার দাবি, কমিশন এখনও শেখ হাসিনার আমলে প্রণীত পদ্ধতিতেই পরিচালিত হচ্ছে এবং ক্ষমতা ও অর্থের প্রতি একপেশে আচরণ করছে।
এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করে পাটওয়ারী বলেন, দুটি সরকারি সংস্থা তাদের কর্মকর্তাদের মির্জা আব্বাসের নির্বাচনী র্যালিতে অংশ নিতে বাধ্য করছে।
ইইউ পর্যবেক্ষক দলের কাছে এসব অভিযোগ তুলে ধরে তিনি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।