রাজনীতি

ভোটগ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে: নাহিদ ইসলাম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২২ পিএম

ভোটগ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে। তবে দেশের স্থিতিশীলতার স্বার্থে তাঁর দল ফলাফল মেনে শপথ নিয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “হাজারও শহীদের রক্তের বিনিময়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা আশা করেছিলাম নতুন সরকার সংস্কারের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। কিন্তু ঘোষিত মন্ত্রিসভা দেখে তা মনে হয়নি।” তিনি অভিযোগ করেন, নতুন মন্ত্রিসভা প্রতিনিধিত্বমূলক হয়নি এবং এতে সব জাতিগোষ্ঠীর সমন্বয় ঘটেনি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর সমালোচনা করে তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেননি। ফলে গণভোটের গণরায়কে উপেক্ষা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

দুর্নীতিবিরোধী অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধ নিজ ঘর থেকেই শুরু করতে হবে। প্রধানমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, বিএনপির সংসদ সদস্যরা কবে তাঁদের ঋণ পরিশোধ করবেন।

তিনি আরও দাবি করেন, বর্তমান মন্ত্রিসভায় দুর্নীতিগ্রস্ত, আর্থিকভাবে অস্বচ্ছ, ঋণখেলাপি ও হত্যা মামলার আসামিরা রয়েছেন। জুলাই অভ্যুত্থানের পর প্রথম মন্ত্রিসভা আরও স্বচ্ছ ও সংস্কারমুখী হবে বলে প্রত্যাশা থাকলেও তা পূরণ হয়নি বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম।