রাজনীতি

‘জবাবদিহিতা’ নিশ্চিতের ঘোষণা, হাসনাত আবদুল্লাহর ফেসবুক লাইভ ভাইরাল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৮:৩৭ এএম

‘জবাবদিহিতা’ নিশ্চিতের ঘোষণা, হাসনাত আবদুল্লাহর ফেসবুক লাইভ ভাইরাল
লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ। ছবি: ভিডিও থেকে

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত মধ্যরাতে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি এলাকার বর্তমান পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা বলেন। তার এই লাইভ সম্প্রচার সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।

লাইভে হাসনাত আবদুল্লাহ জানান, গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর গত তিন সপ্তাহ ধরে তিনি মূলত দেবীদ্বারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, প্রশাসনিক কাঠামো এবং সরকারি সেবার মান যাচাইয়ের কাজ করছেন। তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এলাকার প্রতিটি সরকারি কাজের তথ্য জনগণের সামনে তুলে ধরা হবে এবং কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না।

এ সময় দেবীদ্বারের সড়ক যোগাযোগ ব্যবস্থার দুরবস্থাকে প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করেন তিনি। জানান, বর্তমানে সড়ক ও জনপথ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং পিআইও অফিসের অধীনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজ চলছে। বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই এসব কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার কড়া নির্দেশও দেন তিনি। একই সঙ্গে একাধিক কাজ হাতে নিয়ে ধীরগতিতে কাজ করার প্রবণতা বন্ধ করার আহ্বান জানান।

আসন্ন ঈদ উপলক্ষে সরকারি সহায়তা কর্মসূচির তথ্য তুলে ধরে সংসদ সদস্য বলেন, দেবীদ্বার পৌরসভায় ৩ হাজার ৮১টি এবং উপজেলার ১৫টি ইউনিয়নে ২০ হাজার ৬৩৫টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি তিনি বিশেষ নির্দেশনা দেন। এছাড়া কাবিখা কর্মসূচির আওতায় ১০টি অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং দুটি খাল পুনঃখননের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে ‘জবাবদিহিতা’ নামে একটি ফেসবুক পেজ চালুর ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ। তিনি জানান, এই পেজের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দ, কাজের অগ্রগতি এবং সরকারি সহায়তা সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করা হবে। লাইভে তিনি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনার পাশাপাশি দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তা বা কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন।

সংসদ সদস্য বলেন, তার মূল লক্ষ্য হলো সরকারি সেবার সুফল সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং উন্নয়ন কার্যক্রমের প্রতিটি ধাপে জনগণের সামনে জবাবদিহিতা নিশ্চিত করা। তার এই বক্তব্য ও উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।