রাজনীতি
স্বরাষ্ট্রমন্ত্রী ‘মব কালচার’ শেষ করার ঘোষণা দিলেও সরকার থামাতে ব্যর্থ: এনসিপি
কুষ্টিয়ার দৌলতপুরে পীরের দরবারে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে ‘মব সহিংসতা’ প্রতিরোধে সরকারের ব্যর্থতার অভিযোগও তুলেছে দলটি।
শনিবার (১১ এপ্রিল) রাতে দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ম অবমাননার অভিযোগ তুলে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি দৌলতপুরে একটি দরবারে হামলা চালায়, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে দরবারের প্রধান পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীর নিহত হন। এই ঘটনাকে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানায় এনসিপি।
দলটি মনে করে, ধর্মীয় সংবেদনশীল কোনো অভিযোগের বিচার করার দায়িত্ব আদালতের, কোনোভাবেই জনতার হাতে আইন তুলে নেওয়া গ্রহণযোগ্য নয়। ‘মব সহিংসতা’র মাধ্যমে যারা হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগ ঘটিয়েছে, তারা ফৌজদারি অপরাধ করেছে বলেও উল্লেখ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের সহিংসতা স্থানীয় প্রভাবশালী মহলের নীরব সমর্থন ছাড়া সম্ভব নয়। অতীতে রাজবাড়ীতে মাজার ভাঙচুর ও মরদেহ পোড়ানোর ঘটনাতেও রাজনৈতিক ছত্রচ্ছায়ার অভিযোগ ছিল বলে উল্লেখ করে দলটি।
এনসিপি বলেছে, সরকারের তরফ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বারবার ‘মব কালচার’ শেষ করার ঘোষণা দিলেও ‘প্রকৃত মব’ থামাতে ব্যর্থ হচ্ছে সরকার। জাতীয় নির্বাচনের পরপরই বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) সরকার-সমর্থিত পক্ষ ‘মব’ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরত দুজন ব্যক্তিকে পদত্যাগ করতে বাধ্য করে।
দলটির দাবি, একদিকে সরকার ‘মব কালচার’ বন্ধের কথা বলছে, অন্যদিকে রাজনৈতিকভাবে তা ব্যবহারও করা হচ্ছে। এতে ভিন্নমত দমনের প্রবণতা তৈরি হচ্ছে বলে অভিযোগ করা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে এনসিপি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানায়, রাজনৈতিক বক্তব্যের বাইরে গিয়ে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক করতে কার্যকর উদ্যোগ নিতে।