রাজনীতি

এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পিএম

এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি
ছবি: সংগৃহীত

রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত দিয়ে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা ও সাবেক ছাত্রদল সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, সামাজিক আন্দোলনকর্মী মহিউদ্দিন রনি এবং কনটেন্ট নির্মাতা নুরুজ্জামান কাফি।

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন। অনুষ্ঠানে দলের শীর্ষ নেতারা নতুন সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান।

দলীয় সূত্রে জানা গেছে, ইসহাক সরকারকে সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। সম্ভাব্যভাবে তাকে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক করা হতে পারে। এ ক্ষেত্রে বর্তমান আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদ পদত্যাগ করবেন বলে আলোচনা রয়েছে।

ইসহাক সরকার দীর্ঘদিন ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় পর্যায়ে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির আন্দোলনে সক্রিয় থাকার কারণে তিনি একাধিক মামলার মুখোমুখি হন এবং প্রায় তিন শতাধিক মামলায় তাকে আসামি করা হয়েছিল। পরে বেশ কয়েকটি মামলায় তিনি আদালত থেকে অব্যাহতি পান।

সবশেষ জাতীয় নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করায় দল তাকে বহিষ্কার করে।

অন্যদিকে, নতুন করে এনসিপিতে যোগ দেওয়া মহিউদ্দিন রনি রেল খাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে পরিচিতি পান। নুরুজ্জামান কাফি সামাজিক সচেতনতামূলক ভিডিও কনটেন্ট তৈরি করে অনলাইনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

নতুন এই তিনজনের যোগদান এনসিপির সাংগঠনিক শক্তি ও জনসম্পৃক্ততা বাড়াবে বলে আশা করছেন দলটির নেতারা।