রাজনীতি
গোপালগঞ্জসহ ছয় জেলাতে হচ্ছে না এনসিপির জুলাই পদযাত্রা, জানা গেল কারণ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে সারাদেশে ‘জুলাই পদযাত্রা’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে। তবে ঘোষিত এই কর্মসূচির পথনকশায় গোপালগঞ্জসহ ছয় জেলার নাম রাখা হয়নি। জেলাগুলো হলো গোপালগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর, সুনামগঞ্জ ও রাঙামাটি।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম ধাপে যেসব উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করা হয়েছে, সেসব স্থানেই পদযাত্রা আয়োজন করা হচ্ছে। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, এই ধাপে ওই ছয়টি জেলা থেকে কোনো প্রার্থী ঘোষণা না থাকায় সেখানে পদযাত্রা হচ্ছে না। তবে দ্বিতীয় ধাপে আরও প্রার্থী ঘোষণা করা হলে পরবর্তীতে ওই এলাকাগুলোতেও সাংগঠনিক সফর করা হবে।
শনিবার (৪ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনে গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় এই পদযাত্রার ঘোষণা দেওয়া হয়। দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সারজিস আলম জানান, আত্মপ্রকাশের পর ২০২৫ সালের জুলাই মাসে জেলা শহরগুলোকে কেন্দ্র করে পদযাত্রা করেছিল এনসিপি। এর ধারাবাহিকতায় এবারও একই কর্মসূচি নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে। এতে চারজন নিহত ও শতাধিক আহত হন। দলীয় একটি সূত্র জানিয়েছে, নতুন করে কোনো সহিংসতা এড়াতে আপাতত গোপালগঞ্জকে এই কর্মসূচির বাইরে রাখা হয়েছে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক কেন্দ্রীয় নেতা বলেন, গত বছরের ঘটনার পর দলকে দোষারোপ করা হয়েছিল, যদিও তারাই হামলার শিকার হয়েছিল। এবার সেই পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে।
এনসিপির ঘোষিত সূচি অনুযায়ী, ৬ জুলাই গাজীপুরের কালীগঞ্জ থেকে পদযাত্রা শুরু হবে এবং মাসজুড়ে দেশের বিভিন্ন উপজেলা ও পৌরসভায় কর্মসূচি চলবে।