রাজনীতি

মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি: আসিফ মাহমুদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১২:২৭ পিএম

মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি: আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত আলোচিত ‘মক্কা প্যাক্ট’-এ বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়ে সরকারের আগ্রহকে ইতিবাচকভাবে দেখছে জাতীয় নাগরিক পার্টি। তবে এ ধরনের চুক্তিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে দেশের স্বার্থ ও দীর্ঘদিনের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (৩১ আগস্ট) ওমরাহ পালন শেষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মক্কা প্যাক্ট প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে চুক্তি হয়েছে, তাতে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়ে সরকারের আগ্রহকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন। চুক্তিটি বাংলাদেশের জন্য ফলপ্রসূ হলে এতে যুক্ত হওয়া ভালো হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, চুক্তিটির সম্ভাব্য সুবিধা ও অসুবিধা নিয়ে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি চুক্তিতে থাকা তিন দেশসহ সংশ্লিষ্ট কূটনৈতিক অংশীদারদের সঙ্গেও আলোচনা করা হচ্ছে।

তবে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বলয়ে না ঢুকে ভারসাম্য বজায় রাখার ওপর জোর দেন আসিফ মাহমুদ। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ কোনো নির্দিষ্ট বলয়ে গিয়ে সামরিক বা বাণিজ্যিক সমঝোতায় আবদ্ধ হয়নি। তাই সবার সঙ্গে সম্পর্কের পথ খোলা রেখেই যেকোনো সামরিক বা বাণিজ্যিক চুক্তিতে যাওয়া উচিত।

এ সময় অন্যান্য বাণিজ্যিক অংশীদারের সঙ্গেও সমান সুযোগ ও ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। দেশের স্বার্থ ও সব ধরনের উদ্বেগ বিবেচনায় নিয়ে কোনো ফলপ্রসূ সম্পর্ক গড়ে তোলা গেলে সেটিকে ইতিবাচক হিসেবে দেখবেন বলেও জানান আসিফ মাহমুদ।