রাজনীতি

উপদেষ্টা আসিফ মাহমুদ মুরাদনগরে মাফিয়াতন্ত্র কায়েম করেছেন: নাছির


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৪:৫৯ পিএম

উপদেষ্টা আসিফ মাহমুদ মুরাদনগরে মাফিয়াতন্ত্র কায়েম করেছেন: নাছির
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লার মুরাদনগরে মাফিয়াতন্ত্র কায়েম করেছেন। তার পছন্দমতো মুরাদনগরকে পরিচালনা করছেন।

সোমবার (৪ আগস্ট) দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মীকে কুমিল্লা জেলখানায় দেখতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নাছির বলেন, যারা জুলাই এবং আগস্টে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছেন, গত ১৭ বছরে যারা জেল খেটেছেন, ৫ আগস্টের পরেও আসিফ মাহমুদ তাদের জেলে পাঠিয়েছেন। পুরো বাংলাদেশে ইতিবাচক রাজনীতি থাকলেও মুরাদনগরে ইতিবাচক রাজনীতি নেই।
 
তিনি আরও বলেন, মুরাদনগরে ফ্যাসিবাদ আওয়ামী সরকারের কোনো নেতাকর্মী জেলখানায় না থাকলেও বিএনপি ও অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে জেলে রাখা হয়েছে। তিনি দ্রুতসময়ের মধ্যে গ্রেফতারকৃত ১৩ জন নেতাকর্মীকে মুক্তির দাবি জানান।

নাছির উদ্দীন বলেন, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদের গ্রেফতারের খবরে তার মমতাময়ী মা হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন, যা অত্যন্ত বেদনাদায়ক।

এসময় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা মহানগর, দক্ষিণ জেলা, উত্তর জেলাসহ বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলখানায় সাক্ষাৎ শেষে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজিম মাহমুদের মায়ের কবর জিয়ারত এবং পরিবারের সাথে সাক্ষাৎ করেন।