রাজনীতি

নির্বাচনে ভরাডুবি, বড় পরিবর্তন আসছে ছাত্রদলে (ভিডিও)


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫১ পিএম

নির্বাচনে ভরাডুবি, বড় পরিবর্তন আসছে ছাত্রদলে (ভিডিও)
ছবি: সংগৃহীত

ডাকসু ও জাকসু নির্বাচনে চরম ভরাডুবির পর ছাত্রদলের সাংগঠনিক কাঠামোয় বড় পরিবর্তন আসছে। ভোটের মাঠে অস্তিত্ব সংকটে পড়া এবং অভ্যন্তরীণ সমন্বয়হীনতাসহ নানা কারণে সংগঠনটিতে নতুন নেতৃত্ব আনতে চায় বিএনপি।

এরই অংশ হিসেবে বর্তমান কমিটি ভেঙে দ্রুতই সংগঠনের নতুন কেন্দ্রীয় কমিটি করার কথা শোনা যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সহসাই নতুন কমিটি হতে পারে এমন আভাস পাওয়া গেছে।

জানা গেছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় ক্যাম্পাস থেকে বিতাড়িত ছাত্রদলের নেতাকর্মীরা গত বছরের ৫ আগস্টের পর বিশ্ববিদ্যালয়গুলোতে যাওয়ার সুযোগ পায়। অনেকটা নির্বিঘ্নে সংগঠন গোছানোরও পথ তৈরি হয়। কিন্তু এক বছরের মাথায় এসে সেভাবে সাংগঠনিক ভিত্তি মজবুত করতে না পারা, ছাত্রদল নেতাদের সঙ্গে বিএনপির দায়িত্বশীলদের সমন্বয় এবং সহযোগিতার ঘাটতি, ছাত্র সংসদ নির্বাচনে প্রস্তুতির ঘাটতির কারণে ছাত্রদলের তৎপরতা মুখ থুবড়ে পড়েছে। যা নিয়ে খোদ সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও ক্ষোভ আছে। এমন পরিস্থিতিতে কমিটি ভেঙে দিয়ে একটি নতুন নেতৃত্ব গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপির হাইকমান্ড।

২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাসির উদ্দীন নাসিরকে সাধারণ সম্পাদক করে  ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়। ওই বছরের ১৫ জুন ছাত্রদলের ২৬০ সদস্যের কেন্দ্রীয় কমিটি অনুমোদন করা হয়।

বিএনপি নেতা ও ছাত্রদলের নেতাকর্মীদের ভাষ্য, ছাত্রদল ডাকসু নির্বাচনে অংশ নেবে কি না শুরু থেকেই এ নিয়ে একধরনের দ্বিধা ছিল। প্রতিদ্বন্দ্বী সংগঠনগুলো যখন ক্যাম্পাসে নানাভাবে তৎপরতা চালিয়েছে তখন ছাত্রদল প্যানেলও ঘোষণা করতে পারেনি। ভোটের মাত্র ২০ দিন আগে প্যানেল ঘোষণা করে ছাত্রদল।

এছাড়াও পর্যাপ্ত প্রস্তুতি না থাকা, সুষ্ঠু পরিকল্পনার অভাব এবং প্রচারণা কৌশল কী হবে, তা নির্ধারণের ক্ষেত্রেও ছাত্রদলের মধ্যে সঠিক সমন্বয় ছিল না।

অভিযোগ আছে, ছাত্রদলের প্যানেলের শীর্ষ তিন পদের প্রার্থীদের নিয়ে সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতাদের মধ্যে পছন্দ-অপছন্দের বিষয় ছিল। বিএনপির দায়িত্বশীলদের মধ্যেও এ নিয়ে টানাপোড়েন ছিল। যার প্রভাব পড়েছে নির্বাচন পূর্ববর্তী সার্বিক কার্যক্রমে। এমন কি নির্বাচনী তহবিল যথাযথ বণ্টন হয়নি এমন অভিযোগও আছে। অবশ্য এ নিয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলছেন না।

ছাত্রদলের চলমান সাংগঠনিক স্থবিরতা ও নির্বাচনী ব্যর্থতায় ক্ষুব্ধ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র জানায়, তিনি ইতোমধ্যেই ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়ার নির্দেশনা দিয়েছেন এবং খুব শিগগিরই আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা হতে পারে এমনটা জানা গেছে।

এক্ষেত্রে তরুণ নেতৃত্বের বিকাশ, ছাত্র রাজনীতিকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা করা হচ্ছে। তার পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতের ছাত্রদল হবে ত্যাগী কর্মীভিত্তিক, সাংগঠনিকভাবে গতিশীল এবং দলের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার রূপরেখা বাস্তবায়নে সক্রিয় অংশীদার। বিশেষ করে মাঠের রাজনীতিতে সক্রিয়তা, বিতর্কমুক্ত ব্যাকগ্রাউন্ড, শিক্ষার্থীবান্ধব ভাবমূর্তি ও গ্রহণযোগ্যদের নেতৃত্বে আনার পরিকল্পনা করা হচ্ছে।