রাজনীতি
বিএনপির মনোনয়ন তালিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: রিজভী
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন তালিকা নিয়ে যে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, তা একটি গভীর ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, “পতিত, পরাজিত ও পলাতক স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি যখন অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছে, তখন কুচক্রী মহল অপপ্রচার ও মিথ্যাচার ছড়িয়ে ষড়যন্ত্রে নেমেছে। এসব মহল একটি নিষিদ্ধ ফ্যাসিস্ট সংগঠন আওয়ামী লীগকে পুনর্বাসনের গোপন মিশনে নেমে বিভিন্ন গণমাধ্যমকে ব্যবহার করছে।”
তিনি অভিযোগ করেন, কিছু পত্রিকা, টেলিভিশন এবং সামাজিক মাধ্যমে বিএনপির কথিত মনোনয়ন তালিকা প্রকাশ করে দলের ভেতরে বিভ্রান্তি, অসন্তোষ ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে। “এটি বিএনপিতে বিভেদ সৃষ্টি এবং জনমনে সন্দেহ ছড়ানোর জন্য একটি অশুভ প্রচারণা,” বলেন তিনি।
বিএনপির এই মুখপাত্র স্পষ্ট করে জানান, দল এখনো কোনো প্রার্থীকে ‘সবুজ সংকেত’ বা মনোনয়ন দেয়নি। তিনি বলেন, “আমরা পরিষ্কারভাবে জানাচ্ছি—আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি এখনো কোনো এলাকায় কোনো প্রার্থীকে চূড়ান্ত বা অঘোষিতভাবে মনোনয়ন দেয়নি। দলের নির্ধারিত গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হবে।”
তিনি আরও জানান, বিএনপির মনোনয়ন প্রক্রিয়া পরিচালনা করে পার্লামেন্টারি বোর্ড, এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত। তাই মিডিয়ায় প্রকাশিত কথিত তালিকা বা সবুজ সংকেতের কোনো ভিত্তি নেই।
সংবাদ সম্মেলনে রিজভী আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারা দেশে দলীয় ঐক্যের ওপর জোর দিয়েছেন এবং নেতা-কর্মীদের একযোগে মাঠে কাজ করার নির্দেশনা দিয়েছেন। “তারেক রহমান বারবার বলেছেন—জনগণই বিএনপির শক্তির উৎস। জনগণের ভালোবাসায় থাকতে হবে, জনগণকে ভালোবাসায় রাখতে হবে,” যোগ করেন তিনি।
মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশে তিনি বলেন, “দলীয় কার্যক্রমে যার পারফরম্যান্স ভালো, তিনিই প্রার্থী হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।” পাশাপাশি নেতা-কর্মীদের জনগণের ঘরে ঘরে গিয়ে বিএনপির ৩১ দফা ‘জনগণের মুক্তির সনদ’ তুলে ধরার আহ্বান জানান।
তিনি সারাদেশের নেতা-কর্মীদের উদ্দেশে আহ্বান জানান—“ভিত্তিহীন ও মনগড়া কোনো সংবাদে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকুন, জনগণের পাশে থাকুন এবং ধানের শীষের বিজয়ের জন্য প্রস্তুত থাকুন।”
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এবং নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।