রাজনীতি
ইনোভেশনের জরিপে শীর্ষে বিএনপি, সরকার গঠনে সবচেয়ে বেশি সম্ভাবনা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মতামত জানতে জরিপ চালিয়েছে বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং।
তাদের ‘পিপলস ইলেকশন পালস সার্ভে রাউন্ড টু’-এর দ্বিতীয় অংশের ফলাফল প্রকাশ করা হয়েছে বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও আর্কাইভ ভবনে। অনুষ্ঠানে ফলাফল উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. রুবাইয়াত সরওয়ার।
৮টি বিভাগের ৬৪টি জেলা থেকে ৯ হাজার ৩৯৮টি পরিবার বা খনার মোট ১০ হাজার ৪১৩ জন ভোটারের ওপর এ জরিপ পরিচালিত হয়। ফলাফলে দেখা গেছে, ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমন অংশগ্রহণকারীদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শীর্ষে রয়েছে ৪১.৩০ শতাংশ সমর্থন নিয়ে। দ্বিতীয় অবস্থানে আছে জামায়াতে ইসলামী ৩০.৩০ শতাংশ ভোটার সমর্থন নিয়ে। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ১৮.৮০ শতাংশ নিয়ে তৃতীয় স্থানে এবং নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৪.১০ শতাংশ ভোটার সমর্থন নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।
জরিপে আরও দেখা গেছে, ৪৫.৫৮ শতাংশ ভোটার মনে করেন আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের নির্বাচনে অংশ নেওয়া উচিত নয়। এ ছাড়া ৬৫.৫ শতাংশ ভোটার প্রার্থীভিত্তিক ভোট দিতে আগ্রহী, যেখানে মাত্র ১৪.৭ শতাংশ ভোটার দলীয় প্রতীক দেখে ভোট দেওয়ার কথা জানিয়েছেন।
দলগুলোর স্থানীয় কার্যক্রম নিয়ে সন্তুষ্টির হারেও পার্থক্য পাওয়া গেছে। বিএনপির কার্যক্রমে সন্তুষ্ট ৮.২ শতাংশ, জামায়াতের ১৩.৭ শতাংশ এবং এনসিপির ৯.১ শতাংশ ভোটার। আর যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নেয়, তবে তাদের ভোটারদের একটি বড় অংশ অন্য দলকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন—এর মধ্যে ২০ শতাংশ বিএনপি, ১৪.৮ শতাংশ জামায়াত এবং ২.১ শতাংশ এনসিপিকে ভোট দিতে চেয়েছেন।
সরকার গঠনের সম্ভাবনা প্রসঙ্গে ৩৯.১ শতাংশ ভোটার বিএনপিকে, ২৮.১ শতাংশ জামায়াতকে এবং ৪.৯ শতাংশ এনসিপিকে যোগ্য মনে করেছেন। বিশ্লেষণে দেখা যায়, বিএনপি ৬টি বিভাগে এগিয়ে আছে, জামায়াত এগিয়ে রংপুরে এবং আওয়ামী লীগ বরিশালে।