রাজনীতি

জাতিসংঘের সদর দপ্তরের সামনে ছাত্রলীগ নেতাকে মারধর, বিএনপি কর্মী গ্রেপ্তার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ পিএম

জাতিসংঘের সদর দপ্তরের সামনে ছাত্রলীগ নেতাকে মারধর, বিএনপি কর্মী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে মারধরের ঘটনায় বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)। স্থানীয় সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মারধরের শিকার ছাত্রলীগ নেতার নাম হৃদয় মিয়া। তিনি ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি পদপ্রার্থী। এ ঘটনায় অভিযুক্ত বিএনপি কর্মী রিয়াজ রহমান হোসাইনকে পুলিশ ঘটনাস্থল থেকে আটক করে হাতকড়া পরিয়ে কারাগারে পাঠায়। আহত হৃদয় মিয়াকে ভর্তি করা হয়েছে ম্যানহাটানের একটি হাসপাতালে।

ঘটনার বিষয়ে হৃদয় মিয়া বলেন, “আমরা জাতিসংঘের সামনে বিক্ষোভ কর্মসূচি শেষে বাসায় ফেরার সময় এক যুবক এসে আমাকে ও আওয়ামী লীগকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি তাকে শান্ত থাকার অনুরোধ করি এবং বলি, আমি আপনাকে চিনি না, কেন গালি দিচ্ছেন? তখনই সে হঠাৎ করে আমার মাথা, ঘাড় ও মুখে ঘুষি মারতে শুরু করে। আমি মাটিতে পড়ে গেলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

তিনি আরও জানান, উপস্থিত পুলিশের এক সদস্য জানায়, প্রথমে রিয়াজই হামলা করেছে। পরে পুলিশ তাকে (হৃদয়কে) হাসপাতালে নিয়ে যায় এবং রিয়াজকে গ্রেপ্তার করে।

এদিকে ঘটনার পর যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ সাংবাদিকদের জানান, “রিয়াজ আমাদের সংগঠনের একজন কর্মী। আমি থানায় গিয়েছি, পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। আশা করছি, সে দ্রুত জামিনে মুক্তি পাবে।”

তিনি আরও দাবি করেন, “ঘটনার পেছনে প্ররোচনার ভূমিকা রয়েছে। ওই ছাত্রলীগ নেতা কিছুদিন আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এয়ারপোর্টে গালিগালাজ করেছে। সেই ক্ষোভ থেকেই রিয়াজ প্রতিক্রিয়া দেখিয়েছে।”