রাজনীতি
নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান
সিঙ্গাপুরে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে নুরুল হক নুরকে ফোন করে তার চিকিৎসার অগ্রগতি ও শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।
রাশেদ খান জানান, ফোনালাপে তারেক রহমান নুরের চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করেন।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে নুরসহ অন্তত ৫০ জন আহত হন।
আহতের পর নুরকে প্রাথমিকভাবে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ১৮ দিন হাসপাতালে থাকার পর কিছুটা সুস্থ হয়ে তিনি বাসায় ফেরেন।
পরবর্তী চিকিৎসার অংশ হিসেবে ২২ সেপ্টেম্বর তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।