রাজনীতি
নিবন্ধনের জন্য শর্ত পূরণ করেছে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ: ইসি
নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের শর্ত পূরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগ, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সচিব মো. আখতার আহমেদ জানান, দল দুটি শর্ত পূরণ করায় তাদের বিষয়ে শিগগিরই গণবিজ্ঞপ্তি জারি করা হবে।
আখতার আহমেদ বলেন, নিবন্ধনের জন্য এবার মোট ১৪৩টি রাজনৈতিক দল আবেদন করে। এর মধ্যে ২২টি দলের মাঠপর্যায়ের তদন্ত শেষ হয়েছে। প্রাথমিক যাচাই-বাছাইয়ে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে উপযুক্ত হিসেবে বিবেচনা করা হয়েছে। এনসিপিকে প্রতীক সংক্রান্ত চিঠি ইসির পক্ষ থেকে প্রদান করা হবে বলেও জানান তিনি।
এছাড়া, তিনটি দল এখনও ইসির পর্যবেক্ষণে রয়েছে- বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ)।
আদালতের রায় অনুযায়ী বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নিবন্ধন নিশ্চিত বলেও উল্লেখ করেন সচিব।
এদিকে, ৯টি দলের কার্যক্রম নিয়ে আরও গভীর তদন্ত হবে বলে জানায় ইসি। দলগুলো হলো: আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা ও জনতা পার্টি বাংলাদেশ।
তদন্তকৃত ২২টি দলের মধ্যে ৭টি দলের আবেদন বাতিল করা হয়েছে। এগুলো হলো: ফরোয়ার্ড পার্টি, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-সিপিবি এম), জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), বাংলাদেশ সলুশন পার্টি এবং নতুন বাংলাদেশ পার্টি।
ইসি সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে ধাপে ধাপে নিবন্ধনের সিদ্ধান্ত জানানো হবে।