রাজনীতি
মাদারীপুর-১ আসনে মনোনয়ন স্থগিত করলো বিএনপি
মাদারীপুর-১ (শিবচর) আসনে দলীয় মনোনয়ন স্থগিত করেছে বিএনপি। মঙ্গলবার (৪ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, “গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর মধ্যে মাদারীপুর-১ (শিবচর) আসনে কামাল জামান মোল্লাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল। তবে অনিবার্য কারণে ওই আসনের মনোনয়ন ও প্রার্থীর নাম আপাতত স্থগিত রাখা হয়েছে।”
এর আগে সোমবার (৩ নভেম্বর) বিকেলে মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষোভ, সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কামাল জামান মোল্লাকে প্রার্থী ঘোষণা করার পর মনোনয়ন বঞ্চিত প্রার্থী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকরা ক্ষুব্ধ হয়ে সড়কে বিক্ষোভে নামেন। এ সময় তারা গাড়ি ভাঙচুর ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন।
দলীয় সূত্রে জানা গেছে, পরিস্থিতি শান্ত করতে ও স্থানীয় সংকট নিরসনে কেন্দ্রীয় বিএনপি আপাতত ওই আসনের মনোনয়ন প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।