রাজনীতি
বিএনপির ফাঁকা রাখা আসনে মনোনয়নপত্র কিনলেন তাসনিম জারা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।
সোমবার দিবাগত রাত ১০টার দিকে রাজধানীর বাংলামটরে দলটির অস্থায়ী প্রধান কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এসময় তাসনিম জারা গণমাধ্যমকে বলেন, আমি পরিবর্তন,স্বচ্ছতা এবং তরুণদের নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে নির্বাচন করতে যাচ্ছি। এই শহর এবং মানুষের জন্য কাজ করতে চাই। শুধুমাত্র প্রতিশ্রুতি নয়-বাস্তব উন্নয়নই হবে আমার লক্ষ্য।
ঢাকা-৯ আসনটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড তথা সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত। এখন পর্যন্ত আসনটিতে বিএনপি কাউকে মনোনয়ন দেয়নি। এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কবির আহমদ।
এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ আসনে প্রার্থীতা ঘোষণা করে তাসনিম জারা প্রতিদ্বন্দ্বিতাকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছেন। দলের নেতারা আশা করছেন তার পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং তরুণদের প্রতি গ্রহণযোগ্যতা নির্বাচনে প্রভাব ফেলবে।
উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে। দলটির বেশিরভাগ শীর্ষস্থানীয় নেতা এখনও দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেননি। আগ্রহী প্রার্থীরা আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পর্যন্ত দলটির মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন বলে জানা গেছে।