রাজনীতি
সাভারে আবারও পার্কিং করা বাসে অগ্নিসংযোগ
সাভারে ফের পার্কিং অবস্থায় থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার রাত ১১টার দিকে বিরুলিয়া ইউনিয়নের বটতলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের দ্রুত উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আসলেও বাসটির বেশিরভাগ অংশ পুড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি।
বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল ওহাব জানান, বাসচালক খাবার খেতে বাইরে গেলে দুর্বৃত্তরা সুযোগ বুঝে বাসে আগুন লাগিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনাটি কেন ঘটেছে তা তদন্ত করা হচ্ছে।
এর আগেও গত তিন দিনের ব্যবধানে সাভার এলাকায় পার্কিং করা আরও দুটি বাসে একইভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে গেন্ডা ইউটার্ন এলাকায় শ্রমিকবাহী বাসে আগুন দেওয়া হয় এবং রবিবার ভোর সাড়ে ৩টার দিকে রাজফুলবাড়িয়া এলাকায় পার্কিং করা যাত্রীবাহী বাসেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বারবার এমন ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ বেড়েছে।