রাজনীতি
সালাহউদ্দিন আহমেদের বিপরীতে এনসিপির মনোনয়ন ফরম নিলেন তারই শিক্ষক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বিপরীতে নির্বাচনে লড়তে মনোনয়ন ফরম নিয়েছেন তারই শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মাইমুল আহসান খান।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) তিনি কক্সবাজার–১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
সালাহউদ্দিন আহমেদ ঢাবির আইন বিভাগের ছাত্র ছিলেন এবং সেই সময় তার শিক্ষক ছিলেন অধ্যাপক মাইমুল আহসান। ফলে শিক্ষক–শিক্ষার্থীর এই সরাসরি প্রতিদ্বন্দ্বিতা রাজনৈতিক অঙ্গনে নতুন কৌতূহল তৈরি করেছে।
অধ্যাপক মাইমুল আহসান খান আন্তর্জাতিক মহলেও পরিচিত একজন আইনবিদ। তিনি তেহরানের ইমাম সাদিক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক প্রতীকী আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে মিয়ানমারের রাষ্ট্রপ্রধান অং সান সু চিকে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় সমর্থন দেওয়ার অভিযোগে ১৫ বছরের দণ্ড দেওয়া হয়েছিল।
তিনি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব এডুকেশনের (আইআইই) সাবেক ফেলো এবং ২০১২ সালে আইআইই–স্কলার রেসকিউ ফান্ড থেকে বিশ্বের নিপীড়িত একাডেমিকদের একজন হিসেবে স্বীকৃতি অর্জন করেন।