রাজনীতি

ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০২:৫১ পিএম

ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণাকালেই এই হামলার ঘটনা ঘটে।

জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজি জানান, গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদীকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, দুপুর আড়াইটার পরপরই হাদীকে হাসপাতালে আনা হয়। তার বাম কানের নিচে গুলি লেগেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, “আমরা খবর পেয়েছি যে বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন। বিষয়টি এখনো নিশ্চিত নই; আমাদের টিম ঘটনাস্থলে গেছে। নিশ্চিত তথ্য পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।”

এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “হাদির মতো আমাদের জীবনও ঝুঁকির মধ্যে রয়েছে। আমাদেরও হত্যা করার চেষ্টা হতে পারে। তবুও আমরা জীবন দিয়ে লড়াই চালিয়ে যাব।”

ঘটনার পর ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম লিখেছেন, “ওসমান হাদিকে গুলি করা হয়েছে। চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা শহরকে মুক্ত করতে খুব শিগগিরই আমাদের আন্দোলন শুরু হবে। রাজধানীর ছাত্র-জনতাকে প্রস্তুত থাকতে হবে।”

হাদী এর আগে গত নভেম্বর মাসে দেশি-বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন বলে ফেসবুকে জানিয়েছিলেন। ১৪ নভেম্বরের এক পোস্টে তিনি লিখেছিলেন, তাকে হত্যা, তার বাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।

তিনি আরও উল্লেখ করেছিলেন, “গত তিন ঘণ্টায় অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে আওয়ামী লীগের খুনিরা কল ও টেক্সট করেছে। তারা জানাচ্ছে আমাকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হচ্ছে; আমাকে হত্যা করা হবে, আর আমার পরিবারকে ভয়াবহভাবে নির্যাতন করা হবে।”