রাজনীতি
গণ অধিকার পরিষদের সঙ্গে বিএনপির ২ আসনে সমঝোতা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও গণ অধিকার পরিষদের মধ্যে দুটি সংসদীয় আসনে নির্বাচনী সমঝোতা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের মাধ্যমে এ বিষয়ে প্রাথমিক ঐকমত্যে পৌঁছানো হয়।
বৈঠকসংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং ঝিনাইদহ-২ আসনে দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খানকে ছাড় দেওয়ার বিষয়ে বিএনপি সম্মত হয়েছে। তবে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী তারা নিজ নিজ দলের প্রতীক ‘ট্রাক’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিষয়টি নিশ্চিত করে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও মিডিয়া সমন্বয়ক আবু হানিফ জানান, বিএনপির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তারা মোট ১০টি আসনে সমঝোতার প্রস্তাব দিয়েছিলেন। এর বিপরীতে বিএনপির পক্ষ থেকে আপাতত দুটি আসনে সমঝোতার কথা বলা হয়েছে।
তিনি আরও জানান, এই সমঝোতা এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। সোমবার দলের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সভায় বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতা বিষয়ে দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে।